সিদ্ধিরগঞ্জে ডাকাতি প্রস্তুতি মামলায় ২ ও বিভিন্ন ওয়ারেন্টে ৪ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার দুই আসামিসহ বিভিন্ন সিআর (ক্রিমিনাল) ও জিআর (জেনারেল) ওয়ারেন্টভুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় মোট ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাওন, মো. রাশেদুল ইসলাম ওরফে রাসেল (৩৪), রবিউল আউয়াল, মো. সোহেল মিয়া (৪২), মো. ইকবাল হোসেন (৪৫) এবং মো. জয়নাল (৫৫)।
ওসি এমদাদুল হক আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে মো. শাওন ও মো. রাশেদুল ইসলাম ওরফে রাসেল ডাকাতির প্রস্তুতি মামলার আসামি।
অপরদিকে রবিউল আউয়াল, মো. সোহেল মিয়া, মো. ইকবাল হোসেন এবং মো. জয়নাল বিভিন্ন সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আসামি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সার্বিক দিকনির্দেশনায় নিয়মিত অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।






