সিদ্ধিরগঞ্জে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারিসহ গ্রেপ্তার ৬
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। একই অভিযানে পূর্বের একটি চুরি মামলার এক আসামি এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ছয়জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
রোববার (১৯ জুলাই) সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন— দেলোয়ার (৫০), রাজীব হাসান (২৮) ও মোসলেম উদ্দিন (৬০)। এছাড়া পূর্বের চুরি মামলার আসামি মো. শাকিল মিয়া (৩৫) এবং সিআর ও জিআর ওয়ারেন্টভুক্ত মো. শাকিল (২৪) ও আমিনুলকে গ্রেপ্তার করা হয়।
ওসি ইমদাদুল হক জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৫০ পুরিয়া হেরোইন, ১০০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






